বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম ‘রাজনীতির এক শুদ্ধ পুরুষ’। তিনি ছিলেন সৎ, সাহসী, নির্লোভ, নির্মোহ রাজনীতির প্রতিচ্ছবি। তাই তিনি জনগণের হৃদয়ে ধ্রুবতারার মতো রয়ে গেছেন। মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক ও সামাজিক ন্যায় বিচার তথা সামগ্রিক উদারনীতির এক জ্বলন্ত প্রতীক হিসেবেই জনগণের মনে বেঁচে থাকবেন। সমকালীন বাস্তবতায় তাঁর মতো প্রজ্ঞাবান, মিতভাষী, দায়িত্বশীল রাজনীতিক এখন খোঁজে পাওয়াই ভার। এমন কী বিরোধী মহলেও তিনি ছিলেন শ্রদ্ধা ও আস্থার প্রতীক।
মঙ্গলবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ গবেষণা ফাউন্ডেশন আয়োজিত সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম ও আমজাদ হোসেনের “স্মরণে শ্রদ্ধাঞ্জলি” অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এছাড়া তিনি আমজাদ হোসেনের কর্মময় জীবন বিষয়েও কথা বলেন। তিনি বলেন, চলচ্চিত্রকার আমজাদ হোসেন এদেশের মাটি ও মানুষের গল্প বলতেন তার চলচ্চিত্রে, গল্পে, উপন্যাসে। তাঁর অভিনয় ক্ষমতাও ছিল প্রবল।
আরও পড়ুন: বায়ুদূষণ প্রতিরোধে পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন সাঈদ খোকনের
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু।
ইত্তেফাক/আরকেজি