মিয়ানমারের গত বছরের নির্বাচনে কারচুপির প্রমাণ পাওয়া যায়নি

মিয়ানমারের গত বছরের পার্লামেন্ট নির্বাচনে কারচুপির প্রমাণ পাওয়া যায়নি বলে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন জানিয়েছে। অথচ এই কারচুপির অভিযোগ এনেই গত ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। অভ্যুত্থানের তিন মাস পর সংস্থাটি কারচুপির প্রমাণ নেই বলে জানালো। সংস্থাটি এক রিপোর্টে জানায়, নির্বাচনে জনগণের মতের প্রতিফলন ঘটেছিল। চার শতাধিক পোলিং স্টেশনে সংস্থাটির পর্যবেক্ষকরা ছিলেন। তবে সংস্থাটি তাদের রিপোর্টে স্বীকার করেছে যে, নভেম্বরের ভোটে কিছু অনিয়ম হয়েছিল। সেটা হয়েছিল মূলত কোভিড-১৯ মহামারির কারণে। এটাও ঠিক যে, ২০১৫ সালের মতো সুষ্ঠু নির্বাচন এবার হয়নি। কিন্তু তাই বলে এটা বলা যাবে না যে, নির্বাচনে কারচুপি হয়েছে। ঐ নির্বাচনে অং সান সু চির দল এনএলডি জয় পায়। কিন্তু সেনাবাহিনী ভোটের ফল নাকচ করে। মিয়ানমারের সামরিক সরকার এই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেনি। —বিবিসি