আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেদিন ফিরে এসেছিলেন বলেই এই করোনা সংকটেও বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক শেখ হাসিনা। তাকে ঘিরে সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ।
গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, এই দিনটি বাঙালি জাতি তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী ও স্বাধীনতার সপক্ষ শক্তি আপামর জনতার জন্য একটি বিশেষ দিন। কারণ বাংলাদেশের ইতিহাসে এই দিনটি যদি না আসত তাহলে বঙ্গবন্ধু মুজিবের নাম এদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হতো। স্বাধীনতাবিরোধী চিহ্নিত রাজাকার আলবদর ও ধর্মীয় উগ্রবাদীরা জাতীয় পতাকা গাড়িতে উড়িয়ে ঘুরে বেড়াত।
১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করে নানক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মদদে দেশীয় সামরিক ও সাম্রাজ্যবাদের বেসামরিক চক্রের ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্য স্বাধীনতা আন্দোলনের একক নেতা আমাদের প্রিয় জন্মভূমির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী নেতাকর্মীসহ সমগ্র জাতি কিংকর্তব্যবিমূঢ় ও হতবিহ্বল হয়ে পড়ে। ফলে কোনো রকম প্রতিরোধ-প্রতিবাদ বা বিভক্তিহীন পরিবেশের মধ্যে ষড়যন্ত্রকারী চক্রটি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয়।