এখনো ষড়যন্ত্র হচ্ছে:মতিয়া

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ‘এখনো ষড়যন্ত্র হচ্ছে। তার প্রমাণ আমরা সবকিছুতেই পাই। কিন্তু একটা কথাই বলি, কুকুররা ঘেউ ঘেউ করবে, কিন্তু কাফেলা এগিয়ে যাবে। তারা ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না।’

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোমবার মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, ‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রী এখানে থেম না... এবং শেখ হাসিনা থামেন নাই। তিনি সব সময় মনে রেখেছেন আমি ক্লান্ত না, শ্রান্ত না। বাঙালিকে তিনি তার সূর্যালোকের দিগন্তে নিয়ে যাবে। অভীষ্ঠ লক্ষ্যে নিয়ে যাবে। তাই বাংলাদেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে গেছে। ইনশাল্লাহ তাঁর সুযোগ্য নেতৃত্বে আমরা উচ্চ আয়ের দেশে পরিণত হব। সেই শক্তির পাথেয় বঙ্গবন্ধুর বাণীকে সম্বল করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবশ্যই সূর্যালোকিত দিনের দিকে এগিয়ে যাব।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যরিস্টার ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।