শেখ হাসিনা না ফিরলে কিছুই সম্ভব হতো না :রাদওয়ান মুজিব

জাতির পিতার দৌহিত্র ও শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশকে ‘অন্ধকার থেকে আলোর পথে’। আওয়ামী লীগ সভাপতি হয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর পূর্তির দিনকে স্মরণ করে সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাদওয়ান লিখেছেন, ‘৪০ বছর আগের এই দিনে, আপনি বাংলাদেশকে অন্ধকার যুগ থেকে ফিরিয়ে এনেছেন এবং আপনার আলোয় আলোকিত হয়ে দেশে গণতন্ত্র ও উন্নয়ন দেখেছে এবং মানুষ মানসম্মত জীবন ব্যবস্থা পেয়েছে। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের, কিন্তু এর কিছুই সম্ভব হতো না, যদি না আপনি ফিরে আসতেন। ধন্যবাদ আপনাকে।’ এই পোস্টের সঙ্গে যুক্ত ছিল ৪০ বছর আগে স্বদেশ প্রত্যাবর্তনের দিন শেখ হাসিনার ছবিসহ ছাপানো একটি পোস্টার, যেখানে লেখা আছে—‘বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ১৭ই মে রবিবার বিকাল ৩টায়, ঢাকা বিমানবন্দরে অভ্যর্থনা।’

১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় দেশের বাইরে ছিলেন দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ছয় বছর লড়াই শেষে ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফেরার সুযোগ পান শেখ হাসিনা। বাবার মৃত্যুর পর জাতির পিতার মেয়ে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের আগ পর্যন্ত যে কষ্টে জীবন-যাপন করেছেন, তা তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সমাদৃত ‘হাসিনা :এ ডটারস টেল’ ডকুড্রামায়। এই ডকুড্রামার প্রযোজকও রাদওয়ান মুজিব। ৭০ মিনিটের এই ডকুড্রামায় বঙ্গবন্ধু পরিবারের এই দুই বোনের মুখ থেকে তাদের পথ চলার গল্প শুনেছে সাধারণ দর্শক, যেখানে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে।