সহপাঠীর ছুরিকাঘাতে খুন চীনা নাগরিক

নগরীর পাঠানটুলায় নিজ দেশের নাগরিকের ছুরিকাঘাতে উই ওয়েল টাও (৪০) নামের এক চীনা নাগরিক নিহত হন। মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে নিবাস-বি-১১-৯নং বাসায় এ ঘটনা ঘটে। তিনিসহ ১২ চীনা নাগরিক ওই বাসায় থাকতেন, তারা কুমারগাঁওস্থ বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, পাঠানটুলার ওই বাসায় থেকে তারা কুমারগাঁওস্থ বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সবাই কাজে চলে যান। এরপর ৫ তলার ৭নং ফ্ল্যাটে মারামারির শব্দ শুনতে পান অন্যরা। একপর্যায়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এছাড়াও শো নামের অন্য চীনা নাগরিকের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে আটক করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ফ্ল্যাট থেকে ২টি ছোরা উদ্ধার করা হয়। আটক শোকে ‍পুলিশ  জিজ্ঞাসাবাদ করে খুনের মোটিভ জানার চেষ্টা করছে বলে জানান এসএমপির এডিসি মিডিয়া আশরফ উল্লাহ।

ইত্তেফাক/এসজেড