আ খ ম হাসানের ‘দৌড়ের উপর’

এটিএন বাংলায় আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক ‘দৌড়ের উপর’। পারভেজ ইমামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল তালুকদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, তুষার মাহমুদ, হান্নান শেলী, ওবিদ রেহান প্রমুখ।

বদরুল ওরফে বদি চোরা, অনেকদিন হলো সমাজে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু ছেঁছড়া চোরের তকমা সে মুছতে পারেনি। চোরেরও আত্মসম্মানবোধ আছে। চোর তাও ছেঁছড়া চোর! তা বদি কোনোভাবেই মেনে নিতে পারে না। যেমনটি পারে না তার বউ। তার বউয়ের একটা স্বপ্ন পত্রিকায় ছবি ছাপা হবে। দেশের সবাই বদিকে এক নামে চিনবে। সেই আশায় বদি বড় চুরির পরিকল্পনা করে এবং বরাবরই ব্যর্থ হয়। হাবিবুর রহমান হবি পেশায় পুলিশের হাবিলদার, পুলিশে চাকরি জীবন হয়তো বড় জোর বছর ৫ আছে। তার ইচ্ছা যে করেই হোক অবসরে যাওয়ার আগেই যেন প্রমোশন হয়। কিন্তু তার কোনো মামলা নেই, প্রমোশনও নেই। শুধু সিনিয়র হিসাবে জাফর হবিকে একটু মান্য করে। এভাবেই যাচ্ছে হাবিবুর রহমান হবি সাহেবের দিনকাল। হবির স্বপ্ন সারাদেশ তাকে একদিন চিনবে। আশরাফ পেশায় উকিল। সারাদিন আদালত চত্তরে দৌড়-ঝাপ দিয়েই যাচ্ছেন। ব্যস্ততা এমন যে দম ফেলার সময় নেই। কিন্তু দিনশেষে সব শূন্য। আশরাফের স্বপ্ন সে যখন দেশের নামকরা উকিল হবে। তার খ্যাতি যখন সারাদেশে ছড়িয়ে পড়বে। তখন লতার বাবাই লতাকে তার হাতে তুলে দেবে। এই হলো উকিল আশরাফ।

বদি চোর সিদ্ধান্ত নেয় সে একটা বড় ধরনের চুরি করবে। সারাজীবন তো ছোটখাটো চুরি করেছে। এবার বড় ধরনের চুরি হবে। ধরা পড়লে নাম ডাক পড়ে যাবে। নির্দিষ্ট দিন বদি তার পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে বাড়িতে প্রবেশ করে। কিন্তু সে যখন বাড়িতে প্রবেশ করে তখন দেখে সব দরজা খোলা!