বরিশাল অফিস
সারা দেশে যাত্রীবাহী নৌযান চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে নৌযান শ্রমিকরা। মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল নদী বন্দরে এ বিক্ষোভ মিছিল হয়। অতি শিগিগর নৌযান চালু না করা হলে কঠোর অন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নৌযান শ্রমিকরা। বিআইডব্লিউটিএর পন্টুনের উত্তর প্রান্ত থেকে মিছিল শুরু করে নদী বন্দরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে শ্রমিক ও নেতারা বলেন, গত ৫ মার্চ থেকে করোনার কারণে সরকারি নির্দেশনা অনুসারে সব যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। একনাগাড়ে ৪৩ দিন বন্ধ থাকলেও শ্রমিকরা বেতন, বোনাস পাননি। অন্যদিকে করোনার মধ্যেও আন্তঃজেলা বাস এবং বিমান চলাচল শুরু হয়েছে। একই দেশে বিমান ও বাস চলাচল শুরু হলেও কেন যাত্রীবাহী নৌযান চলাচল করবে না, প্রশ্ন করেছেন নৌযান শ্রমিকরা। তারা দ্রুত নৌযান চালুর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, নৌযান শ্রমিকদের বেতন ও বোনাসের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা প্রণোদনা চেয়ে গত ৫ মে আবেদন জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। যাত্রীবাহী নৌযান মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।