কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে চলছে টানা খরা। বৃষ্টি না হওয়ায় কাপ্তাই লেকে পানির স্তর দিনদিন কমছে। লেকে পানি কম থাকায় কাপ্তাই বিদ্যুত্ কেন্দ্রে বিদ্যুত্ উত্পাদনও কমে যাচ্ছে। কাপ্তাই বিদ্যুত্ কেন্দ্রের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিদ্যুত্ কেন্দ্রের রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী মঙ্গলবার কাপ্তাই লেকে পানি রয়েছে ৭৫.১২ ফুট এমএসএল (মীন সী লেভেল)। কিন্তু রুলকার্ভ অনুযায়ী লেকে এই মুহূর্তে পানি থাকার কথা ৭৯ ফুট এমএসএল। প্রয়োজনের তুলনায় কাপ্তাই লেকে বর্তমানে চার ফুট পানি কম রয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুত্ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের কাপ্তাই লেকে পানি কম থাকার কথা নিশ্চিত করে বলেন, সক্ষমতা থাকা সত্ত্বেও লেকে পানি কম থাকায় সব জেনারেটর সচল রেখে বিদ্যুত্ উত্পাদন বাড়ানো যাচ্ছে না। অচিরেই ভারী বৃষ্টি হওয়ার আশা প্রকাশ করে তিনি আরো বলেন, বৃষ্টি হলে কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি পাবে। তখন বিদ্যুত্ উত্পাদনও বাড়ানো সম্ভব হবে।