দ্রুত ড্রেন নির্মাণ করা হোক

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পণ্ডিতপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়া রাস্তা দীর্ঘদিন ধরে পানির নিচে। কয়েকটি বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গাইবান্ধা-জয়পুরহাটের সংযোগ সড়ক এটি। ভাবতেও কষ্ট হয় এমন জনবহুল রাস্তাটি পানির নিচে; তাও আবার নোংরা পানি। গ্রামের বিভিন্ন বাড়ির দৈনিক ব্যবহারকৃত পানি, মল-মূত্র রাস্তার ওপর জমাট বেধে থাকে। জমাটবদ্ধ পানিতে মশা-মাছি, আবর্জনার স্তূপ, মলমূত্রসহ বিষাক্ত বর্জ্য বর্ষাকালে প্রকট আকার ধারণ করে। ছড়াচ্ছে পানিবাহিত রোগ। গ্রামের মানুষ এ সমস্যা থেকে উত্তরণের পদক্ষেপ নিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি, বরং দেখা গেছে পারিবারিক রেষারেষি, ক্ষমতাবানদের শক্তিপ্রদর্শন। রাস্তার সীমানায় আবার অবৈধ স্থাপনা। ক্ষমতাবলে অবৈধভাবে রাস্তার মাটি কেটে উঁচু করে রাখায় পানি প্রবাহ বন্ধ। গ্রামের ভেতর কোনো ড্রেন নেই। সব মিলিয়ে এ রাস্তার অন্তর্গত বিশটিরও বেশি গ্রামের মানুষ পোহাচ্ছেন চরম দুর্ভোগ। তাই জনদুর্ভোগ ঘোচাতে দ্রুত ড্রেন নির্মাণের জন্য  সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রুহুল আমিন, পণ্ডিতপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা