কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে দেবিদ্বার পৌর এলাকাধীন শাইলচর। সড়কের দু’পাশে রয়েছে বনজ বৃক্ষ। বেশ ক’বছর ধরে দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থান ও পৌর এলাকার ময়লা ফেলা হচ্ছে মহাসড়কের পাশে। দুর্গন্ধে বায়ুদূষণ হচ্ছে, নষ্ট হচ্ছে পরিবেশ। এ অবস্থা শুধু শাইলচর এলাকাতেই নয়—দেবিদ্বার পৌর এলাকাধীন বাড়েরা সরকার বাড়ির সামনে, বানিয়াপাড়া আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং দেবিদ্বার উত্তরপাড়া এলাকার মাজেদা আহসান মুন্সী মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়কেও লক্ষণীয়। এসব আবর্জনায় আবার আগুন জ্বালিয়ে পুড়িয়েও দেওয়া হচ্ছে। এতে সড়কের পাশের মহামূল্যবান গাছগুলোও পুড়ে যাচ্ছে আগুনে। স্থানীয় একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, শাইলচর এলাকায় ১০টির বেশি গাছ সাম্প্রতিক সময়ে ময়লা-আবর্জনার তেজষ্ক্রিয়তায় মরে গেছে। অপরিকল্পিতভাবে আবর্জনা পোড়ানোর নামে সড়কের পাশের গাছ ধ্বংস হলেও সংশ্লিষ্ট কারোরই খেয়াল নেই। এ অবস্থায়, পরিবেশসহ মহাসড়কের পাশে থাকা বনজ সম্পদ রক্ষায় মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে আশু ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০