ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের কামরাঙ্গীরচরের অলিগলিতে মাদক সেবন এখন অনেকটাই স্বাভাবিক দৃশ্য। মাদকসেবীদের বড় অংশই বয়সে কিশোর বা তরুণ। বেড়িবাঁধ লাগোয়া টিনের ঘরগুলোতে নিয়মিতই বসছে মাদকের আসর। রিকশার গ্যারেজ, গরু-ছাগলের ফার্মের আড়ালে চলছে মাদক কেনাবেচা। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ থাকায় মাদক কারবারি ও নেশাখোররা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। মাদক ব্যবসায়ীরা বেশিরভাগই নারী। মাদকাসক্ত ও মাদকদ্রব্যের পাশাপাশি আরেকটি সমস্যা কিশোর গ্যাং। রাতের আঁধারে পথচারীদের ছুরি, চাকু দেখিয়ে মোবাইল ফোন, টাকা-পয়সা কেড়ে নিচ্ছে। এই কিশোর গ্যাঙের বিরুদ্ধে খুনের অভিযোগও আছে। তাছাড়া বিভিন্নভাবে রাস্তায় মেয়েদের উত্যক্ত করে থাকে। কিশোর গ্যাঙের প্রতিটি কিশোরই মাদকাসক্ত। এখানে কয়লার ঘাট, সফরের মাঠ, ঠোঁডা, আশ্রাফাবাদ, মাদবর বাজার, আচারওয়ালা ঘাট, চান মসজিদ, ঝাউচর, পশ্চিম নবীনগর, মুসলিমবাগ, পূর্ব রসুলপুর, পশ্চিম রসুলপুর, মধ্য রসুলপুর, বড়গ্রামসহ বিভিন্ন গলি মাদক কারবারিদের ঘাঁটি। নৌপথে যাতায়াত সহজ হওয়ায় কামরাঙ্গীরচরকে ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে মাদক কারবারিরা। সন্তানদের নিয়ে উত্কণ্ঠার মধ্যে থাকেন অভিভাবকরা। কামরাঙ্গীরচরের সাধারণ মানুষ পুলিশ ও সরকারের সাহায্য কামনা করেছেন।
মোহাম্মদ রাব্বি
শিক্ষার্থী, ঢাকা কলেজ