ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরাইলি আগ্রাসন শুধুমাত্র কোনো ধর্মের বিষয় নয়, এটি মানবতার ওপর বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক নেতৃবৃন্দ। ফিলিস্তিনে ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনিরা প্রতারিত হয়েছেন। তখন ইসরাইল স্বীকৃতি পেলেও ফিলিস্তিন স্বীকৃতি পায়নি। দ্বিতীয়বার প্রতারণার স্বীকার হয়েছে ১৯৬৭ সালে। আর এই প্রতিটি ঘটনায় ফিলিস্তিনিরা ভূমি ও নিরীহ মানুষের প্রাণ হারিয়েছেন। সে কারণেই বলা হয় ইসরাইলি ‘অকুপেশন।’ সমিতির সাধারণ সম্পাদক এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপউপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রহিম, সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. লুত্ফর রহমান প্রমুখ শিক্ষক।