করোনায় বিপর্যস্ত বিভিন্ন দেশকে ৮ কোটি ডোজ করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে যুক্তরাষ্ট্র অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল। এর সঙ্গে আরো দুই কোটি ডোজ টিকা বেশি দেওয়া হবে। এর মধ্যে থাকবে ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা। জুনের শেষ দিকেই এই টিকা পাঠানো শুরু হবে।
যদিও কোন কোন দেশ কত ডোজ করে এই টিকা পাবে, তা নিয়ে কিছুই জানানো হয়নি। বলা হচ্ছে, সবার জন্য টিকা নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে গৃহীত ‘কোভ্যাক্স’ উদ্যোগে এই টিকা দেবে যুক্তরাষ্ট্র। সিএনবিসির খবরে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা বিভিন্ন দেশে ভাগ করে দেবে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে অক্সফোর্ডের ৪০ লাখ ডোজ টিকা দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোকে দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার জো বাইডেন জানান, আগামী জুনেই টিকার বণ্টনপ্রক্রিয়া শুরু হবে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ভারতের সিরাম ইনস্টিটিউটে উত্পাদিত হচ্ছে। যা ভারতে কোভিশিল্ড নামে পরিচিত। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আগামী অক্টোবরের আগে টিকা রপ্তানি করার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে অন্তত ৫০ লাখ ডোজ টিকা দেওয়ার জন্য অনুরোধ জানান। এই মর্মে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। মার্কিন সরকার বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করছে বলে জানানো হয়েছে। সহসাই এ ব্যাপারে মার্কিন সরকারের সিদ্ধান্ত আসতে পারে।