সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের নিন্দা

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হয়রানি, তথ্য চুরির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। পৃথক বিবৃতিতে তারা সবাই এ ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা অবিলম্বে রোজিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতৃবৃন্দ, বাংলাদেশ মহিলা পরিষদ, সম্মিলিত সামাজিক আন্দোলন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, ঐক্য ন্যাপ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, নারী সাংবাদিক কেন্দ্র, সামাজিক  প্রতিরোধ কমিটি, আমরাই পারি জোট, কর্মজীবী নারী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, সারোয়ার আলী, মফিদুল হক, মামুনুর রশীদ, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবীর, আবদুস সেলিম ও নাসির উদ্দীন ইউসুফ এই ১১ বিশিষ্ট নাগরিক, ১১টি প্রগতিশীল ছাত্রসংগঠনের ১৮ সাবেক ছাত্রনেতা এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, জাতীয়  কবিতা পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, আইটিআই, বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ চারু শিল্পী সংসদ এই ১০টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন বিবৃতি দিয়েছে।

রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের মধ্যে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) ডিক্যাব, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ, টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ-টিআরএনবি, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন।