ঢাবিতে অধ্যয়নরত ফেনীর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশান অব ফেনীর (ডুসাফ) এ শিক্ষাবৃত্তি প্রদান করবে। ফেনী জেলা ভিত্তিক দাতব্য সংগঠন ছালেহ উদ্দিন আহমদ ও হোসনে আরা চৌধুরী ট্রাস্ট এর পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার ট্রাস্টের সদস্য সচিব জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু বৃত্তির অর্থ ডুসাফের সভাপতি নাজমুল হাসান মুন্না ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের হাতে তুলে দেন। ফেনী জেলার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন এ বৃত্তি দেয়া হবে।

এ বিষয়ে ডুসাফের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, এর আগেও শিক্ষার্থীদের সহায়তা করতে ছালেহ উদ্দিন আহমদ ও হোসনে আরা চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। তখনও সংকটে হাসি ফুটেছিলো শিক্ষার্থীদের। এবারও করোনায় অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পারবো বলে আমরা প্রত্যাশা রাখছি।

শিক্ষাবৃত্তির বিষয়ে সংগঠনের আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, মফস্বল এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের পরিবারের আর্থিক অবস্থা খুব বেশী ভালো থাকে না। যার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে অর্থনৈতিক সংকটে শিক্ষার্থীদের পক্ষে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়ে উঠে না। তাছাড়া এই করোনাকালে অনেক শিক্ষার্থীর পরিস্থিতি ক্রমাগত খারাপ হয়ে পড়ছে। এসব শিক্ষার্থীরা যাতে নিঃসঙ্কোচে নিজেদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে তার জন্য এই শিক্ষাবৃত্তির উদ্যোগ আমরা নিয়েছি।

এর আগে সামাজিক কাজ করছে ছালেহ উদ্দিন আহমদ ও হোসনে আরা চৌধুরী ট্রাস্ট। করোনার সময়ে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদান, ফেনী জেলার বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহ, আইসিইউ স্থাপন সহ বেশ কিছু কাজ করেছেন।  

ইত্তেফাক/এএএম