তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সাম্প্রতিক সময়ে ইহুদি জনগণের বিষয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। সেটির তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ কথা জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস। আজ বুধবার (১৯ মে) খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে নেড প্রাইস বলেন, আমরা প্রেসিডেন্ট এরদোয়ান এবং অন্যান্য তুর্কি নেতাদের প্রতি উত্তেজনামূলক মন্তব্য থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। যা সহিংসতাকে আরো প্ররোচিত করতে পারে। ইহুদি বিরোধী বক্তব্যের কোথাও কোনো জায়গা নেই।
অবশ্য এরদোয়ানের কোন মন্তব্যকে ইহুদি বিরোধী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সেটি যুক্তরাষ্ট্র নির্দিষ্ট করে কিছু বলেনি। নিশ্চিতের জন্য আহ্বান করা হলেও স্টেট ডিপার্টমেন্ট থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেওয়া হয়নি।
ফিলিস্তিনিদের পক্ষে সবসময়ই কথা বলে থাকেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সেই ধারাবাহিকতায় গাজায় চলমান ইসরায়েলি সহিংসতার প্রেক্ষিতে দেশটিকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে বক্তব্য দেন। যা পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রেরই পছন্দ হয়নি।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের বোমা হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ২১৫ জন মানুষ নিহত এবং অসংখ্য আহত হয়েছেন। যার মধ্যে প্রায় ১০০ জন শিশু ও নারী আছে। অপরদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনের হামলায় ইসরায়েলে দুই শিশুসহ নিহতের সংখ্যা ১২ জন।
ইত্তেফাক/টিএ