পাকিস্তানে সামরিক ঘাঁটি চায় যুক্তরাষ্ট্র: জামায়াত-এ-ইসলামি

আফগানিস্তান থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখান থেকে সরে পাকিস্তানে সামরিক ঘাঁটি তৈরি করতে চাইছে তারা। যাতে করে আফগানিস্তানের ওপর নজর রাখা যায়। এমনটিই অভিযোগ করেছেন পাকিস্তানভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে-এ-ইসলামির প্রাদেশিক প্রধান মুশতাক আহমেদ খান।

তিনি বলেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এখন ভালো সম্পর্ক বিরাজ করছে। কিন্তু উভয় রাষ্ট্রই চায় না পাকিস্তানে মার্কিন সেনারা কোনো সামরিক ঘাঁটি স্থাপন করুক। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নিলেও আমাদের রাষ্ট্রে ঘাঁটি স্থাপন করে সেখানে নজর রাখতে চাইছে তারা।

তিনি আশংকা প্রকাশ করে আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন করলে বিপদে পড়বে পাকিস্তান। কারণ তথাকথিত সন্ত্রাস দমনের নামে সবকিছু গ্রাস করবে মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে এতোদিন তাই হয়েছে বলে দাবি আমার।

বক্তৃতায় পশ্চিম তীরে নীরিহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা ও নির্যাতনে তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত-এ-ইসলামির এই নেতা। তার মতে, মুসলিম নেতাদের এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কোনো সাহস নেই। ওআইসি-এর মতো বড় প্রতিষ্ঠানও নিশ্চুপ ভূমিকা পালন করছে। তারা নীরবে ফিলিস্তিনিদের রক্তস্নান দেখছে।

ইত্তেফাক/টিআর