ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে এক মুক্তিযোদ্ধার কাছে মোবাইলের মাধ্যমে ইউএনও পরিচয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে দুই প্রতারকের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৮মে) বিকেলে উপজেলার নেকমরদ এলাকার ভুক্তভোগী মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্তের মোবাইলে কল করে টাকা চাওয়ার ঘটনা ঘটে। রতন স্থানীয় মৃত রাম শরণ ভক্তের ছেলে।
জানা গেছে, রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্তের কাছে মঙ্গলবার (১৮মে ) দুপুরের দিকে ইউএনও পরিচয় দিয়ে অজ্ঞাত একটি মোবাইল নম্বর( ০১৮৭৭৬২০০) থেকে ফোন আসে। ওই ফোনে ইউএনওর পরিচয়ে মুক্তিযোদ্ধা রতনের কাছে মুজিববর্ষ উপলক্ষে তার নামে ২ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দ এসেছে বলে জানানো হয়। বরাদ্দকৃত ওই টাকা তুলতে বিকেল ৩টার মধ্যে ৪২ হাজার ২০০ টাকা জামানত হিসেবে বিকাশের মাধ্যমে জমা দিতে হবে।
এ টাকা জমা দেয়ার জন্য একটি মোবাইল নম্বরও (০১৮৮৮২৬৭৫৬৬) রতনকে দেওয়া হয়। এতে রতনের সন্দেহ হলে তিনি ইউএনওকে ফোন দেন। ইউএনও তাকে ওই ফোন নম্বরগুলো নিয়ে তার কাছে আসতে বলেন। রতন ওই নম্বরসহ দ্রুত ইউএনওর কাছে এসে ঘটনা খুলে বলেন। পরে ওই নম্বরগুলোতে ফোন দিলে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। এ সময় উপস্থিত সাংবাদিকরা এ তথ্য সংগ্রহ করেন।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, এটি একটি প্রতারক চক্রের কাজ।
ইত্তেফাক/এমআর