পশ্চিমবঙ্গ থেকে নারদ মামলা স্থানান্তর করতে চাচ্ছে সিবিআই। এবার এ মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করেছে তারা। একই সঙ্গে ওই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের নাম। জানা গেছে, ৪০৭ নম্বর ধারা অনুযায়ী এই মামলাটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছে সিবিআই। তাদের দাবি, পশ্চিমবঙ্গে মামলাটিকে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে। বুধবার (১৯ মে) এসব জানিয়েছে আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, সোমবার রাজ্যের চার হেভিওয়েট নেতাকে নিজাম প্যালেসে গ্রেফতার করার পর মুখ্যমন্ত্রী নিজে নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন। ওই মামলার শুনানির সময়ে ছিলেন মলয়। আবেদনে মমতা ও আইনমন্ত্রী মলয়কে পক্ষ হিসেবে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে সিবিআই-এর পক্ষে ওই মামলায় যুক্ত করা হয়েছে তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামও। সিবিআই-এর দাবি, সোমবার ব্যাঙ্কশাল আদালতে গোলমাল করেছিলেন কল্যাণ।
আরো বলা হয়, সিবিআই চায়, হাই কোর্টে যাতে এই মামলায় অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ বহাল থাকে ও মামলা বাংলা থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্য দিকে ধৃত ৪ নেতা-মন্ত্রীর জামিনের আবেদন করবেন অভিযুক্তদের তরফে আইনজীবীরা। হাইকোর্টে অভিযুক্তদের হয়ে সওয়াল করবেন অভিষেক মনু সিঙ্ঘভি, সিদ্ধার্থ লুথরা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ইত্তেফাক/এসএ