আনন্দ বিনোদন প্রতিবেদক
অর্থী আর শিমুলের বেশ কয়েক বছর হলো বিয়ে হয়েছে। কিন্তু কিছুতেই গুছিয়ে উঠতে পারছে না তারা। শিমুল একটা অফিসে চাকরি করে আর অর্থী অনেক দিন ধরে চাকরি খুঁজলেও পাচ্ছে না। সোসাইটি মেইন্টেইন করতে যেয়ে টাকা পয়সা নিয়ে হিমসিম খাওয়া অবস্থায় আছে অর্থী আর শিমুল। একদিন রাইডের গাড়িতে যাওয়ার সময় একটা ব্যাগের ভেতর দুই কোটি টাকা পেয়ে যায় অর্থী আর শিমুল। সেই টাকা দিয়ে কী কী করবে নানা প্ল্যানিং চলতে থাকে। কিন্তু টাকার চিন্তায় ঘুম হারাম হওয়ার অবস্থা হয়। টাকাগুলো কিভাবে কাজে লাগাবে তা নিয়ে দুজনের মাঝে ঝগড়া হয়। বাসায় কলিং বেল বাজলেও টেনশন হতে থাকে এই বুঝি টাকার মালিক চলে এলো। আবার অর্থীর টেনশন হতে থাকে কার টাকা, কিসের টাকা। দুজনের বিবেক টাকাটা খরচ করতে বাধা দেয়। অপরদিকে টাকার মালিক পাগলের মতো টাকা খুঁজতে থাকে। এগুলো যে তার কালো টাকা, বিধায় থানায়ও যেতে পারে না। অর্থী আর শিমুলের মাঝে প্রতিদিন ঝগড়া হতেই থাকে টাকাগুলো কী করবে তা নিয়ে। দুজন দুজনের সঙ্গে কথা পর্যন্ত বলা ছেড়ে দেয়। অবশেষে তারা ভেবে দেখল—এই টাকা তাদের জীবনের সব শান্তি ঘুম কেড়ে নিয়েছে। দুজন মিলে ঠিক করে তারা থানায় টাকা জমা দিয়ে দিবে। দুজন টাকা জমা দিয়ে ফিরে আসে। মনখারাপ করে রাতে ঘুমাতে যায় অর্থী আর শিমুল। পরদিন সকালে দেখে ফেসবুক আর নিউজ পেপারে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার নিউজ ভাইরাল— এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘টাকাই টাকা’। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে নায়ক হিসেবে আছেন মিশু সাব্বির। নাটকে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘এতে আমি অর্থী চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে নাটকটি বেশ মজার। দর্শকদেরও ভালো লাগবে।’
‘টাকাই টাকা’ নাটকটি আরটিভিতে আজ বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে।