রে জা উ ল ক রি ম খো ক ন
বলিউডে অভিনেত্রী হিসেবে পথচলা শুরু হয়েছিল তার ২০১০ সালে ‘দাবাঙ গার্ল’ হিসেবে। ইতিমধ্যে এক দশক সময় পার করেছেন সোনাক্ষি সিনহা। ‘দাবাঙ’ ছবিতে নায়িকা হিসেবে অভিষিক্ত হতেই তিনি জয় করে নিয়ে ছিলেন সেরা নতুন মুখের ফিল্মফেয়ার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে একদা ডাকসাইটে অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা হয়েও পারিবারিক বলয়ের বাইরে সুপারস্টার সালমান খানের সহযোগিতায় তার ‘দাবাঙ’ ছবির নায়িকা হয়ে বাজিমাত করেছিলেন। ক্যারিয়ারের প্রথম কয়েক বছরে সোনাক্ষির এগিয়ে চলার গতি দেখে সবাই যেভাবে আশাবাদী হয়েছিলেন তার ব্যাপারে কিন্তু সাম্প্রতিক গত বেশ কয়েকবছরে তাকে অনেকটাই পিছিয়ে পড়তে দেখে হতাশ হয়েছেন অনেকেই। গত কয়েক বছরে রূপালি পর্দায় সোনাক্ষির উপস্থিতি কোনোভাবেই যেন দর্শকদের আলোড়িত করতে পারেনি। ২০১৯ সালে অনেকগুলো সিনেমা মুক্তি পায় তার। এরপর করোনা মহামারির প্রকোপে বলিউডের ছকটাই পাল্টে গেছে। গত বছর থেকে এখন পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি বিনোদন শিল্পের বিশ্বখ্যাত এই অঙ্গনটি। নতুন সিনেমা নির্মাণের কাজ প্রায় থেমে গেছে। যে কারণে সোনাক্ষির মতো অভিনেত্রীকে হাতগুটিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকছে না। আজকাল বিনোদন শিল্পে নতুন ঢেউ সৃষ্টিকারী ওটিটি প্ল্যাটর্মের দিকে ঝুঁকছেন বলিউডের অনেকেই। বড়পর্দা ছেড়ে ঘরোয়া ডিজিটাল বিনোদন অঙ্গনে পদচারণা শুরু করেছেন বলিউডের অনেক নির্মাতা অভিনেতা ও অভিনেত্রীই। সোনাক্ষি সিনহাও অগত্যা অনেকটা বাধ্য হয়েই ওটিটি দুনিয়ায় নিজেকে ভিন্নভাবে তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্মে কাজও করেছেন দাবাঙ-কন্যা। যেগুলো এ বছরেই নেটফ্লিক্স, আমাজন প্রাইম প্রভৃতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সোনাক্ষি ‘বুলবুল তরঙ্গ’ নামে একটি ওয়েব ফিল্মে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ছবিতে তাকে একজন প্রাণোচ্ছল হাসিখুশি স্বভাবের তরুণীর ভূমিকায় দেখা যাবে। যৌতুকের শিকার হয়ে একটি মেয়ের জীবন কীভাবে বদলে যায় সেটাই তুলে ধরা হয়েছে এ ছবিতে। ‘বুলবুল তরঙ্গ’ ছবিটি নেটফ্লিক্সে আসছে এ বছরেই। সোনাক্ষি অভিনীত ‘ভুজ-প্রাইড অব ইন্ডিয়া’ ছবিটি মূলত বড়পর্দার জন্য নির্মিত হলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হট স্টার-এ মুক্তি পাচ্ছে। এ ছবিতে তার সঙ্গে অজয় দেবগন, সঞ্জয় দত্তদের মতো নামি-দামি বলিউড তারকারাও রয়েছেন। আমাজন প্রাইম ভিডিওর জন্য নির্মিত ওয়েব সিরিজ ‘ফলেন’-এ মূল ভূমিকায় অভিনয় করছেন সোনাক্ষি। এখানে তাকে একজন দুর্ধর্ষ নারী পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। ওয়েব সিরিজটি মুক্তির আগেই এখানে সোনাক্ষির পুলিশী লুক বেশ সাড়া তুলেছে। সবাই ৩৩ বছর বয়সী এই বলিউড অভিনেত্রীর প্রথম ওয়েব সিরিজটির অপেক্ষায় প্রহর গুনছেন। ওদিকে প্রখ্যাত বলিউড চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত ঐতিহাসিক ঘটনানির্ভর ওয়েব সিরিজ ‘হিরামান্ডি’তে একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষি। যেখানে তার হাতে আরো আছেন মনীষা কৈরালা, হুমা কুরেশি, অদিতি রাও হায়দারির মতো বলিউড অভিনেত্রীরা। ওয়েব সিরিজ ‘হিরামান্ডি’ সোনাক্ষির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে সন্দেহ নেই। বড়পর্দার অঙ্গন থেকে ওয়েব দুনিয়ায় সোনাক্ষির পর্দাপণ ইতিমধ্যে বলিউডে বেশ সাড়া জাগিয়েছে। সময়ের চাহিদা পূরণে অভিনয়ের ক্ষেত্র বদলে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মে কাজ শুরু করে তিনি বেশ বুদ্ধিমত্তার প্রমাণ এবং দর্শকদের আকর্ষণকে বিবেচনা করে গুরুত্ব দিয়েছেন বলা যায়। যা তাকে নতুনভাবে ব্যস্ত এবং চাহিদাসম্পন্ন করে তুলেছে।