এই সময়ের ছড়া

তিক্ত কথা

জাকির হোসেন কামাল

 

সব কথা কি যায় রে বলা

হাজার রকম বিধি-নিষেধ,

খোঁজ নেবে না কেউ তো তোমার

ঝরছে লোহু ঝরছে কি স্বেদ?

 

কোথা থেকে এলে তুমি

সমতট না পুণ্ড্র নগর,

জানবে না কেউ কী পরিচয়

ভাঁটফুল না পলাশ টগর।

 

দেখছি এখন চারিদিকে

মূক ও বধির কিংবা কানা,

সামনে খাড়া গোঁয়ার যে ষাঁড়,

তার দুটো কি শিং বাঁকা না?

 

শিং খাড়া কী শিং বাঁকা হোক

তা মেনে নাও তর্ক বিনা,

আসল কথা গোঁয়ার এ ষাঁড়

বললে কিছু গুঁতোয় কি না।

 

সেই কারণেই কেউ শোনে না

কেউ দেখে না কেউ বলে না,

অনেকেই তো দিব্যি আছেন

কারো কারো দিন চলে না।

 

এসব কথা তিক্ত ভীষণ

মিল পাওয়া যায় তিত-করলায়,

এসব কথা ছুড়ে ফেলো

তিস্তা ঘাঘট শিব ধরলায়।

 

তারপরেও শুনলে কেহ

শেষ কথাটা বলতে পারি,

শুধুমাত্র তাদের জন্য

ভাবছে যারা হ্যাঁ দরকারি।

 

কথা হলো, বাঁচতে হলে

জানতে হবে কায়দা-কানুন,

মাথা খাটাও, জোগাড় করো

অন্যভাবে অন্ন বা নুন।

 

০০০০০০০