এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবার ‘ব্যাড বয়’ নাটকটি আজ রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে। এতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা শাওনকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত।
বাবু মায়ের আদরের একমাত্র ছেলে। খুব ভদ্র প্রকৃতির। ওদের বাড়িতে নতুন ভাড়াটিয়া ওঠে রাকিব, রাকিবের মা, আর রাকিবের বোন রেবা। রাকিব চায় না তার বোন প্রেম করুক। তাই বোনকে কড়া শাসনে রাখে সবসময়। কিন্তু রেবা চায় তার সঙ্গে কারো প্রেম হোক। একদিন বাবুর সঙ্গে রেবার দেখা হয়। একজন আরেকজনকে পছন্দ করে তারা। রেবার সঙ্গে ভাব করার চেষ্টা করে বাবু। কিন্তু রাকিবের যন্ত্রণায় রেবার কাছেই যেতে পারে না। বাবুর মায়ের কাছে রাকিব বারবার বিচার নিয়ে যায়। রাকিবের অনুপস্থিতিতে বাবু রাকিবের বাসায় ঢুকে রেবার সঙ্গে কথা বলে। ফোন নম্বর আদান-প্রদান করে। কিন্তু ভাইয়ের কাছে ধরা পড়ে যায়। ভাই অনেক বকা দেয়। রাকিবের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে বাবু। সবকিছুর পরও দু’জনের ভালোবাসা অনড় দেখে এক পর্যায়ে রাকিব রেবাকে বলে, বাবু যদি সত্যি ওকে চায় তাহলে যেন বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়।