হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
নারী ও শিশুসহ ভারতে আটকে পড়া ১৯ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী এই পর্যন্ত দেশে ফিরেছেন। হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বুধবার দুপুরে তারা দেশে ফেরেন। এদিকে বন্দরে পৌঁছানোর পর এসব যাত্রীদের করোনা পরীক্ষা, ইমিগ্রেশন, বিজিবি ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর দেশে আসা যাত্রীদের মধ্যে ১৭ জনকে স্থানীয় তিনটি আবাসিক হেটেলে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে এবং এক জন ক্যানসার রোগীসহ দুই জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, গত ১২ মার্চ সরকার ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। তারই আলোকে এ দিন দুপুর আড়াইটা পর্যন্ত নারী ও শিশুসহ ১৯ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় সূত্র জানায়, গত বছরের ৩০ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার পুরোপুরি বন্ধ ছিল।