কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়ায় মাস্ক না পরে হাটবাজার, অফিসপাড়াসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় ঘোরাফেরা করলেই করোনা পরীক্ষা করছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে করোনা প্রতিরোধে এ উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বুধবার উপজেলার মহুয়ার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন মাস্ক না পরায় ১০ জনের করোনা পরীক্ষা করান। আর এজন্য প্রত্যেকের কাছ থেকে নমুনা সংগ্রহ বাবদ ৩০০ টাকা করে আদায় করেন। এছাড়া সাত জনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) বলেন, জনগণ যাতে মাস্ক পরে সেজন্য এ উদ্যোগ গ্রহণ করেছি। এ উদ্যোগ চলমান থাকবে।