সংবাদ সংক্ষেপ

লালমোহনে জেলেদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ

লালমোহন (ভোলা) সংবাদদাতা আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ না ধরার জন্য জেলেদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ করেছে ভোলার লালমোহন উপজেলা মত্স্য অফিস। বুধবার দুপুরে উপজেলার তেঁতুুলিয়া নদীসংলগ্ন পেশকারহাট এলাকায় এই জেলে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নবী হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধে হামলায় আহত চার নারী

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রামে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চার নারী আহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী পরিবারের সদস্য জামাল উদ্দিন বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ছয়-সাত জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরা গ্রামে হামলার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার বিকালে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বলেন, ‘তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।