কেরানীগঞ্জে দরজা বন্ধ ঘরে ব্যাংক কর্মকর্তার লাশ

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

কেরানীগঞ্জে দরজা বন্ধ ঘর থেকে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার এসআই আফজালুল হক জানান, পশ্চিম বরিশুরের একটি বাড়ির পঞ্চম তলার ভাড়া করা ফ্ল্যাটের নিজ কক্ষ থেকে লুত্ফর রহমানের লাশ গতকাল  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লুত্ফর রহমান বরগুনার আমতলী উপজেলার সোনাখোলা গ্রামের আবদুল বারেকের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি  করতেন। সকালে ঐ কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে বাড়ির লোকজন পুলিশে খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করে। স্বজন ও প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এসআই বলেন, নিহত ব্যক্তি অবিবাহিত  ছিলেন। ঐ কক্ষে তিনি একাই থাকতেন। মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।