শিশু-কিশোর নির্যাতনে উদ্বেগ কেন্দ্রীয় খেলাঘর আসরের

ইত্তেফাক রিপোর্ট

দেশের বিভিন্ন জেলায় কিশোর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা এক লিখিত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সম্প্রতি নোয়াখালীর হাতিয়ায় জাল চুরির অভিযোগে পাঁচ কিশোরকে বেধড়ক পেটানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার মুরাদনগরে মোবাইল চুরির অভিযোগে একই ধরনের নির্যাতনের শিকার হয়েছে কিশোরেরা। এ খবর শিশু-কিশোরদের জন্য অকল্যাণ বয়ে আনে। এ ধরনের নির্যাতন জাতিসংঘ ও রাষ্ট্রঘোষিত শিশু অধিকার আইনবিরোধী। রাষ্ট্রকেই এই কিশোর নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আইনি ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।