স্পোর্টস ডেস্ক
বিভেদ ভুলে অবশেষে ফ্রান্স জাতীয় দলে করিম বেনজেমাকে ডাকলেন কোচ দিদিয়ের দেশম। আসন্ন ইউরোর জন্য গতকাল তার ঘোষিত ২৬ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ফর্মের তুঙ্গে থাকা এই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। ছয় বছর আগে সবশেষ জাতীয় দলের জার্সি চাপিয়ে খেলেছেন বেনজেমা। এরপর ফ্রান্স সতীর্থ ম্যাথু ভালবুয়েনার স্পর্শকাতর ভিডিও প্রকাশের ঘটনায় বেনজেমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। আর ঐ ঘটনার পরই দেশমের চক্ষুশূল হয়ে পড়েন বেনজেমা। ব্রাত্য হয়ে পড়েন জাতীয় দলে। বেনজেমাকে ছাড়াই ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। তবে রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে এমন দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন তিনি, তাতে তাকে না ডেকে আর উপায় ছিল না দেশমের। ফ্রান্সের হয়ে ৮১ ম্যাচে বেনজেমার গোল ২৭টি। দল ঘোষণা করতে গিয়ে দেশম বেনজেমার ফেরা নিয়ে বলেন, ‘শুধু আমার কেন, কারোরই অতীতে ফিরে গিয়ে কোনো কিছু বদলে ফেলার ক্ষমতা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আজ ও কাল। কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ছিল, অন্যতম গুরুত্বপূর্ণ।’ দেশম দল ঘোষণার আগে ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ ঢাকঢোল পিটিয়েই বেনজেমার দলের ফেরার ইঙ্গিত দেয়। পত্রিকাটি এও লেখে—ফরাসি ফুটবলের ওপর মহল থেকে বেনজেমাকে দলে রাখার অনুরোধ এসেছে দেশমের কাছে। তবে সিদ্ধান্ত নেওয়াটা যে সহজ ছিল না সেটিও জানিয়েছেন দেশম, ‘আমরা দেখা করেছি। লম্বা সময় কথা বলেছি। এরপর অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। কী নিয়ে আলাপ করেছি তা নিয়ে কিছু বলব না। সেটি শুধু আমাদের নিজেদের বিষয়।’