মামুনুলসহ হেফাজতের অর্ধশত নেতার সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক

হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকসহ অর্ধশত নেতার দুর্নীতির অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকে জমা পড়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অনুসন্ধান শুরু করেছে দুদক। ইতিমধ্যে এ ব্যাপারে ছয় সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়ছে।

অভিযোগের ব্যাপারে দুদক সূত্র জানায়, হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা সংগঠনের তহবিল, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা এবং ধর্মীয় কাজে আসা বৈদেশিক সহায়তা আত্মসাত্ করেছেন।

এ ব্যাপারে দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান জানান, হেফাজতের শীর্ষ কয়েক জনের বিরুদ্ধে বিভিন্ন উত্স থেকে অনেকগুলো অভিযোগ জমা পড়ে। সে সব অভিযোগ ও আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমিশন থেকে সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে একটি অনুসন্ধান টিমও গঠিত হয়েছে। অনুসন্ধানের পর অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্র জানায়, দুদকে জমা পড়া অভিযোগ এবং বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে কমিশন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। এরপর কমিশন তাদের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে দুদক পরিচালক মো. আকতার হোসেন আজাদের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম গঠন করে। এই টিমের বাকি সদস্যরা হচ্ছেন :দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ নুরুল হুদা, সহকারী পরিচালক মামুনুর রশীদ ও মো. সাইদুজ্জামান এবং উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান।

অপরদিকে, গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জুনায়েদ বাবুনগরী, নূর হুসাইন কাসেমী, মামুনুল হকসহ ৫৪ নেতার ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য যাচাই-বাছাই করে। সেখানে তাদের হিসাবে গরমিল পাওয়া যায়। যার একটি অগ্রগতি প্রতিবেদন ইতিমধ্যে দুদকে পাঠানো হয়েছে। সেটিও আমলে নিয়েছে কমিশন।

এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইয়্যাতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ প্রায় অর্ধশত নেতার ব্যাংক হিসাব তলব করে দুদক। ঐ সব ব্যাংক হিসাব থেকে হেফাজতের গ্রেফতারকৃত নেতা মামুনুল হকের দুটি ব্যাংক হিসাবে প্রায় ৬ কোটি ৪৭ লাখ টাকা লেনদেনের তথ্য পায় দুদক।