মাছের সুষ্ঠু প্রজনন, উত্পাদন, সামুদ্রিক মত্স্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মত্স্য আহরণের জন্য আজ থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মত্স্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
এ সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ ধরতে না পারে সেজন্য সম্প্রতি কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও নৌবাহিনীর সহযোগিতা চেয়ে জননিরাপত্তা বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি দিয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এছাড়া মত্স্য অধিদপ্তরের কন্ট্রোল রুম চালু করার পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনটি বিভাগীয় মনিটরিং টিম গঠন করা হয়েছে। স্থানীয়ভাবে জেলেদের সচেতন করার জন্য ব্যানার, লিফলেট, পোস্টার, মাইকিং ও সচেতনতামূলক সভা করা হবে। এ সময়ে জেলেদের যাতে কষ্ট না হয় সেজন্য দেশের উপকূলীয় ১৪টি জেলার ৬৬টি উপজেলায় ২ লাখ ৯৮ হাজার ৫৯৫ জেলে পরিবারকে ১৬ হাজার ৭২১ টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।