করোনা ভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ে খাবি খেতে থাকা ভারত মহামারি শুরু হওয়ার পর থেকে এক দিনে সবচেয়ে বেশি মৃত্যু দেখল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, বুধবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ৫২৯ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে থাকা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি এর আগে কোভিড-১৯-এ এক দিনে এত মৃত্যু দেখেনি। এক দিন আগে দেশটিতে ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছিল। তখন সেটিই ছিল মহামারিতে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে চলতি মাসের ১২ মে দেশটিতে ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছিল, দুই দিন আগ পর্যন্ত সেটিই ছিল দেশটিতে কোভিড-১৯-এ এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এখন ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে। এদিন নতুন রোগীর সংখ্যাও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে, শনাক্ত হয়েছে ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। আগের দিন মঙ্গলবার ২ লাখ ৬৩ হাজারের কিছু বেশি রোগী শনাক্ত হয়েছিল। নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০ জনে।
মঙ্গলবার দেশটির সরকার জানিয়েছে, এ পর্যন্ত দেশটির জনসংখ্যার এক দশমিক আট শতাংশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতের এক জন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা অনেক বেশি হলেও আমরা সংক্রমণের বিস্তার জনসংখ্যার ২ শতাংশের নিচে ধরে রাখতে পেরেছি।’ দেশটির অনেক রাজ্য পর্যাপ্ত ডোজের অভাবে টিকা কর্মসূচিতে গতি আনতে ব্যর্থ হচ্ছে। কিন্তু রাজ্যগুলোর হাতে দেওয়ার মতো এখনো ১ কোটি ৯৪ লাখ ডোজ টিকা রয়ে গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।