ঈদে প্রচারিত একক নাটকগুলোর মধ্যে রাশেদ সীমান্ত ও নাদিয়া আহমেদ অভিনীত ‘হিল্লা বিয়ে’ এখন দেশের ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত তিন দিন আগে আপলোড করা এ নাটকের ভিউয়ার্স সংখ্যা প্রায় ১১ লাখ।
টিপু আলম মিলনের গল্পে, সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। নাটকটিতে আরও অভিনয়, অলিউল হক রুমি, সফিক খান দিলু প্রমুখ।
রাশেদ সীমান্তর অভিনেতা হওয়ার গল্প খুব বেশি দিনের নয়। হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করার মাধ্যমেই প্রথম সারির অনেক অভিনেতাকে পিছনে ফেলে সাফল্যের চূড়ায় পৌঁছায় গিয়েছেন রাশেদ সীমান্ত।
এ বিষয়ে রাশেদ বলেন, ‘মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা তিনি আমার মতো একজন সামান্য মানুষকে এমন অবস্থান দিয়েছেন। কৃতজ্ঞতা বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন স্যারের প্রতি যিনি আমাকে অভিনেতা হিসেবে সুযোগ দিয়েছেন। তিনি আমাকে এ সুযোগটি না দিলে আজ রাশেদ সীমান্ত নামের এ অভিনেতার জন্ম কখনোই হতো না।’
ইত্তেফাক/বিএএফ