বিচারপতি নাজমুন আরা বিচার প্রশাসন ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গতকাল বুধবার তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৯৫ সালের বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইনের ১১ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে বিচারপতি নাজমুন আরা সুলতানাকে তার যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য নিয়োগ প্রদান করল। উক্ত পদে কর্মরত থাকাকালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।

বিচারপতি নাজমুন আরা সুলতানা দেশের প্রথম নারী বিচারক হিসেবে ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন এবং ধাপে ধাপে জেলা জজ হিসেবে পদোন্নতি পান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বার সরকার গঠন করলে ২০০০ সালে হাইকোর্ট বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই তিনি আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের ৭ জুলাই অবসরে যান তিনি। প্রসঙ্গত, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের বর্তমান মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।