ঢাকা মেডিক্যালে গুরুতর কোভিড রোগীদের চিকিত্সাসরঞ্জাম দিয়েছে আইসিডিডিআরবি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীদের চিকিত্সায় ব্যবহূত জরুরি চিকিত্সা সরঞ্জাম এবং ওষুধ প্রদান করেছে আইসিডিডিআর,বি। ঢাকা শহরে সুবিধাবঞ্চিত মানুষকে চিকিত্সাসেবা প্রদান করছে এমন একটি হাসপাতালকে এই সহযোগিতা প্রদান করা হয়। আইসিডিডিআর,বি এবং যুক্তরাষ্ট্রের কনরাড এন হিলটন ফাউন্ডেশনের মধ্যকার একটি মঞ্জুরি চুক্তির আওতায় সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি হাই ফ্লো নজেল ক্যানোলা (এইচএফএনসি), ২০টি এইচএফএনসি-সংশ্লিষ্ট উপকরণ, তিনটি পেশেন্ট মনিটর, ১৭০ ভায়াল ব্রড-স্পেকট্রাম অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভির এবং ১০০ ভায়াল অ্যান্টিকগুলেন্ট ইনজেকশন—এসবকিছু প্রদানের উদ্দেশ্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড-১৯ চিকিত্সাব্যবস্থার সক্ষমতা বাড়ানো।

আইসিডিডিআর,বির হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত এ চিকিত্সা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ উপলক্ষ্যে ডা. বাহারুল আলম বলেন, করোনা ভাইরাস মহামারি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বিশেষ চাপ সৃষ্টি করেছে। আমাদের সক্ষমতা বাড়িয়ে আরো বেশি রোগীর মানসম্মত চিকিত্সাসেবা প্রদান করার প্রয়াসে সহায়তা করার জন্য আমরা কনরাড এন হিলটন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, আইসিডিডিআর,বি ঢাকা হাসপাতাল যেসব রোগীর মাল্টিডিসিপ্লিনারি চিকিত্সাসেবা প্রয়োজন তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে থাকে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সব সময় আমাদের পাশে থাকে এবং এজন্য আমরা তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।

ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, রোগীর সেবার ক্ষেত্রে আইসিডিডিআর,বি এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। জীবনরক্ষাকারী সরঞ্জাম ও ওষুধ প্রদানের জন্য আমরা কনরাড এন হিলটন ফাউন্ডেশন এবং আইসিডিডিআর,বির প্রতি কৃতজ্ঞ। এতে অবশ্যই আমাদের চিকিত্সাব্যবস্থা বহু গুণে শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আরো উপস্থি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ ও ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা. হালিমা সুলতানা হক ও ডা. আশরাফুন নাহার, সিনিয়র স্টোর অফিসার ডা. মো. সাদ উল্লাহ এবং আইসিডিডিআর,বির সিনিয়র ম্যানেজার হাসপাতাল শিহাব উদ্দিন।