এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে রিট

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ত্রুটিপূর্ণ দাবি করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে নতুন মেধাতালিকা প্রণয়নের মাধ্যমে মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে। রিটে স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে বিবাদী করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ৩২৪ জন পরীক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির ও মোহাম্মদ কাওছার গতকাল বুধবার এই রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী একজন পরীক্ষার্থী কোনো মেডিক্যাল কলেজে ভর্তি থাকা অবস্থায় তিনি যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, তবে তার মোট প্রাপ্ত নম্বর থেকে ৭ দশমিক ৫ নম্বর কর্তন করা হবে। আবার কোনো পরীক্ষার্থী যদি গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে তার ৫ নম্বর কাটা যাবে। কিন্তু প্রকাশিত ফলাফল থেকে দেখা যায়, অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রেই এই নিয়ম পালন করা হয়নি। যেসব পরীক্ষার্থীর ৭ দশমিক ৫ নম্বর কর্তন করার কথা, সেখানে মাত্র ৫ নম্বর কর্তন করা হয়েছে। ফলে ওই সব ভর্তি পরীক্ষার্থীর ২ দশমিক ৫ নম্বর বেশি দিয়ে মেধাতালিকা প্রণয়ন করা হয়েছে। আবার প্রথমবার পরীক্ষায় যেখানে কোনো নম্বর কাটার কথা নয়, সেখানে অনেক পরীক্ষার্থীর কাছ থেকেই ৫ নম্বর কর্তন করে মেধাতালিকা প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া এবারের ভর্তি পরীক্ষায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত পাঠ্যপুস্তক অনুযায়ী অন্তত দুটি নৈর্ব্যক্তিক প্রশ্নের সঠিক উত্তর ছিল দুটি করে। সেই সঙ্গে অন্তত তিনটি নৈর্ব্যক্তিক প্রশ্নের কোনো সঠিক উত্তর ছিল না। সংরক্ষিত জেলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার আসন পূরণেও ব্যাপক অসংগতি হয়েছে। আর ঢাকা জেলা কোটার আবেদনকারী পরীক্ষার্থীকে দেখানো হয়েছে মেহেরপুর জেলার পরীক্ষার্থী হিসেবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় সংরক্ষিত আসনে অসংখ্য সাধারণ ছাত্রছাত্রীকে নির্বাচিত করা হয়েছে। এসব ত্রুটি ও অসংগতি রেখে মেধাতালিকা প্রণয়ন করার ফলে হাজার হাজার যোগ্য ও মেধাবী পরীক্ষার্থী মেডিক্যাল কলেজগুলোতে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কার মুখে পড়েছেন। তাই প্রকাশিত ফলাফল বাতিল করে এবং এসব ত্রুটি ও অসংগতি সংশোধন করে নতুন মেধাতালিকা প্রকাশ করা হোক।

এর আগে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তার জবাব না পেয়ে রিটকারী দুই আইনজীবী ৩৪২ জন শিক্ষার্থীর পক্ষে হাইকোর্টে এ রিট দাখিল করেন। ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল গত ৪ এপ্রিল প্রকাশ করা হয়। জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জনকে নির্বাচিত করা হয়।