আসন্ন বর্ষা মৌসুমে ঢাকাবাসী ডেঙ্গুর প্রকোপ ও জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার দুপুরে ডিএসসিসির নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তি উপলক্ষ্যে ‘উন্নত ঢাকার ভিত রচনা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এক বছরের কর্মকাণ্ড তুলে ধরে তাপস বলেন, ‘মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই জনগণের মৌলিক সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি এবং করোনা মহামারির মধ্যেই যাতে নগরবাসীকে অ্যাডিস মশার মুখোমুখি হতে না হয় সেজন্য শুরু থেকেই মশক নিয়ন্ত্রণের ওপর বেশি জোর দিয়েছি। সফলতাও পেয়েছি।’
তিনি বলেন, ওয়াসার কাছ থেকে খাল ও বক্স কালভার্টগুলোর দায়িত্ব পেয়ে দক্ষিণ সিটি করপোরেশন দুটি বক্স কালভার্ট ও চারটি খাল থেকে বর্জ্য ও পলি অপসারণ কার্যক্রম শুরু করে। একই সঙ্গে সেসব খালের সীমানা নির্ধারণ এবং অবৈধ দখলে থাকা জায়গা পুনরুদ্ধার করা হয়েছে।
জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, আগামী মাসের ২০ তারিখের মধ্যে করপোরেশনের ৭১৫ কিলোমিটার এবং ওয়াসার কাছ থেকে পাওয়া ১৮৫ কিলোমিটার বদ্ধ নর্দমার মুখ পরিষ্কার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই বর্ষায় ঢাকাবাসীকে জলাবদ্ধতার কবল থেকে বহুলাংশে মুক্তি দিতে পারবেন বলে আশাবাদী তিনি। সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মাদ উপস্থিত ছিলেন।