রাশিয়া ও জার্মানির মধ্যকার গ্যাস পাইপলাইন নির্মাণকারী কোম্পানি নর্ড স্ট্রিম ২ এজির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলো মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (১৯ মে) সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জো বাইডেনের প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। খবর এনবিসি নিউজ।
ব্লিনকেন জানান, নর্ড স্ট্রিম ২ এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ম্যাথিয়াস ওয়ারিং এবং পাইপলাইনটি নির্মাণের সঙ্গে যুক্ত চারটি রাশিয়ান জাহাজের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো যুক্তরাষ্ট্র।
রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করার উদ্দেশ্যে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে এই পাইপলাইন তৈরির কাজ চলছিল। চলতি বছরের শুরুর দিকে যখন এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলো যুক্তরাষ্ট্র, তখন পাইপলাইনের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছিল।
যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ২০২১ সাল শেষ হওয়ার আগেই জার্মানিতে গ্যাস সরবরাহ করতে পারবে রাশিয়া। বুধবারের বিবৃতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থেই কোম্পানিটি ও এর প্রধান নির্বাহীকে ছাড় দেওয়া প্রয়োজন ছিল।
জার্মানি ও রাশিয়া বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, তবে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান একাধিক সদস্য। তাদের অভিযোগ, এই পাইপালাইন সচল হলে ইউরোপে রাশিয়ার প্রভাব বাড়বে।
ইত্তেফাক/টিআর