চৈত্রদিনে

এরকম চৈত্রদিনে সবখানে শুকিয়েছে মাটি

নির্জল দুপুরে কোথাও কার্নিশে কাকের খয়েরি হাহাকার

পূর্ণক্ষয় নিয়ে কোথাও নিরক্ত বৃক্ষ

এসময় শহরের পথে গাড়ি আর জনচলাচল কম;

যেন বা আগুন

লাফিয়ে লাফিয়ে যায় এক সড়ক থেকে অন্য সড়কে।

 

হাই তোলা ক্ষণে মনে পড়ে তোমার ডাবশীতল মুখ

এই অবরুদ্ধ অবেলায় পান করি জল তার

দু চোখের পাত্রে জমে থাকা জল নামে অলক্ষে কখন!

 

নাহ, চৈত্রে সব মাটি শুকোয় না

ওই তো উজ্জ্বল মফস্বল শহরের হেরিংবোন পথ

স্কুলগামী তোমার ছায়াটি ধরে আজো জেগে আছে!