কুমিল্লা জেলার তিতাস উপজেলায় বাতাকান্দি থেকে মোহনপুর পর্যন্ত রাস্তা প্রয়োজনীয় সংস্কারের অভাবে প্রায় তিন বছর ধরে জনদুর্ভোগ বাড়িয়ে চলেছে। এই রাস্তায় অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া দুঃসাধ্য। রাস্তা হওয়ার আগে পুরান বাতাকান্দি থেকে চরকুমারিয়া পর্যন্ত যাত্রীবাহী ইঞ্জিন বোট বা ট্রলার চলাচল করত এবং সেটা জনসাধারণের জন্য অনেক নিরাপদ ছিল। অনেক রাস্তাই সময়মতো মেরামতের অভাবে প্রায় অচল হয়ে থাকে। কিন্তু বাতাকান্দি-মোহনপুর/দুধঘাটা রাস্তার মতো এত খারাপ রাস্তা খুব কমই দেখা যায়! এটি যদি সাময়িকভাবে চলাচলের উপযোগী করার জন্য সামান্য ইটের খোয়া বালু দিয়েও গর্তগুলো ভরাট করে দেওয়া হতো, তাহলেও জনদুর্ভোগ কিছুটা কমত। এই রাস্তায় একবার যাতায়াত করলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে! আর অসুস্থ রোগীর তো অবস্থা ত্রাহি মধুসূদন! বর্তমানে আপাতত বাতাকান্দি/পুরান বাতাকান্দি থেকে চরকুমারিয়া-মোহনপুর পর্যন্ত যাত্রীবাহী ইঞ্জিন বোট বা ট্রলার অথবা স্পিড বোট চালু করা যেতে পারে যাতে জনগণের নিরাপদ চলাচল অব্যাহত রাখা যায়। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
এমদাদুল হক বাদশা
চরকুমারিয়া, সাতানী, তিতাস, কুমিল্লা