রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় আরো বেশি দায়িত্বশীল ও দায়বদ্ধ করে তোলার লক্ষ্যে দেশের সব জেলায় নিয়োজিত সরকারি আইন কর্মকর্তাদের (জিপি/ পিপি/ বিশেষ পিপি/ অতিরিক্ত জিপি/ অতিরিক্ত পিপি/ এজিপি/ এপিপি/ এলজিপি) মাসিক রিটেইনার ফি চার-পাঁচ গুণ বাড়িয়েছে সরকার। এছাড়া মামলার শুনানির জন্য দৈনিক ফি এবং ভ্যালুয়েশন ফিও বাড়ানো হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে এসব ফি বাড়ানো হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক ২০১৪ সালে প্রথমবার আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় আইন কর্মকর্তাদের আরো বেশি দায়িত্বশীল ও দায়বদ্ধ করে তোলার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেন। এ উদ্যোগের অংশ হিসেবে আইন কর্মকর্তাদের মাসিক রিটেইনার ফিসহ অন্যান্য ফি বাড়ানোর বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হলে প্রধানমন্ত্রী তাতে সায় দেন। এর পরিপ্রেক্ষিতে উল্লিখিত ফি বাড়ানোর প্রস্তাব পাঠানো হলে কয়েক দফা আলোচনার পর অর্থ মন্ত্রণালয় নিম্নবর্ণিত হারে ফি বাড়ানোর সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
অর্থ মন্ত্রণালয়ের সম্মতি অনুযায়ী জিপি, পিপি ও বিশেষ পিপিদের মাসিক রিটেইনার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে—বিভাগীয় শহরের ক্ষেত্রে ১৫ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা, পূর্বে ছিল মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ৩ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা। এছাড়া জিপিদের মামলাপ্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনর্নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা, পূর্বে ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য পিপি ও বিশেষ পিপিদের দৈনিক ফি পুনর্নির্ধারণ করা হয়েছে—পূর্ণ দিবসের জন্য ৬০০ টাকা, অর্ধদিবসের জন্য ৩০০ টাকা, পূর্বে ছিল পূর্ণ দিবসের জন্য ৫০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা।
অতিরিক্ত জিপি ও অতিরিক্ত পিপিদের মাসিক রিটেইনার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে— বিভাগীয় শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৯ হাজার টাকা, পূর্বে ছিল মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ৩ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা। এছাড়া অতিরিক্ত জিপিদের মামলাপ্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনর্নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা, পূর্বে ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য অতিরিক্ত পিপিদের দৈনিক ফি পুনর্নির্ধারণ করা হয়েছে—পূর্ণ দিবসের জন্য ৫০০ টাকা, অর্ধদিবসের জন্য ৩০০ টাকা, পূর্বে ছিল পূর্ণ দিবসের জন্য ৪০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা।
এজিপি, এপিপি ও এলজিপিদের মাসিক রিটেইনার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে— বিভাগীয় শহরের ক্ষেত্রে ৬ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৪ হাজার টাকা, পূর্বে এজিপি ও এলজিপিরা ৭৫০ টাকা হারে মাসিক রিটেইনার ফি পেতেন। এপিপিরা কোনো রিটেইনার ফি পেতেন না।
নতুন নিয়মে এজিপি ও এলজিপিদের মামলাপ্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনর্নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা, পূর্বে ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য এপিপিদের দৈনিক ফি পুনর্নির্ধারণ করা হয়েছে—পূর্ণ দিবসের জন্য ২৫০ টাকা, অর্ধদিবসের জন্য ১৫০ টাকা, পূর্বে ছিল পূর্ণ দিবসের জন্য ২০০ টাকা ও অর্ধদিবসের জন্য ১০০ টাকা।