পেটের ভেতরে সাড়ে ৫ হাজার ইয়াবা আটক ২

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পেটের ভেতরে বহন করে আনা সাড়ে ৫ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। আটককৃতরা হলো মামুন মল্লিক ও দীপ্ত হালদার ওরফে দীপ। এ ব্যাপারে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মদপুর কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ার এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল।

সেখান থেকে মাদক কারবারি মামুন মল্লিক ও দীপ্ত হালদার ওরফে দীপকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয় অস্বীকার করে। তবে তাদের আচার-আচরণ সন্দেহজনক  হওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদের পর তারা ইয়াবার কথা স্বীকার করে। তারা জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বাহ্যিকভাবে             বহন না করে বিশেষ কৌশলে ছোট পলিথিনের পুঁটলি তৈরি করে মুখ               দিয়ে গিলে পাকস্থলীতে ইয়াবা বহন করছিল।

আবদুল্লাহ আল মামুন জানান, প্রথমে আসামিদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক এক্সরে করে তাদের পেটের ভেতরে বস্তুর অস্তিত্ব দেখতে পান। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী তাদের বুধবার পর্যন্ত জরুরি বিভাগের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে পায়ুপথ  দিয়ে  আটককৃতদের পেট থেকে ১১০টি পুঁটলি থেকে মোট ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র্যাবের এ কর্মকর্তা আরো জানান, আটককৃতরা দুই জনে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পরিবহন করে নিয়ে এসে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত।