শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, গুণগতমানের শিল্পায়নের পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্বব্যাপী পণ্যের হালাল সনদের ব্যাপক চাহিদা রয়েছে। দেশীয় রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে পণ্যের হালাল সার্টিফিকেশন কার্যক্রম গ্রহণ করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বিশ্ব মেট্রোলজি দিবস-২০২১ উপলক্ষ্যে বিএসটিআই আয়োজিত ‘শিল্পোন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা :পণ্য ও স্বাস্থ্য সেবায় পরিমাপের গুরুত্ব’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প সচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার। বিএসটিআই মহাপরিচালক জানান, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপে কারচুপিরোধে বিগত ১০ মাসে মোট ৮৯০টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ হাজার ৪৮৯টি মামলা দায়ের এবং ৬ কোটি ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।