তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তির দ্বারা গাড়ি হামলা ও হেনস্থার শিকার হলেন শিল্পা শেট্টির বোন শামিতা শেট্টি। মুম্বইয়ের থানের ভিভিয়ানা মলের সামনে দিনের বেলায় প্রকাশ্যেই এই ঘটনা ঘটে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে তার গাড়িতে হামলা ও হেনস্থার খবরটি জানা গেছে।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, দুপুর দেড়টার দিকে নিজের গাড়িতে করে মুম্বইয়ের থানের ভিভিয়ানা মলের সামনে দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী শামিতা শেট্টি। সেই সময়ে এক মোটরসাইকেল আরোহী তার গাড়ির পিছু নেয় এবং গাড়িতে হামলা করে। ওই মোটরসাইকেলে আরোহীর সঙ্গে আরও দুইজন ছিল। মোটরসাইকেল নিয়ে প্রথমে শামিতার গাড়িটিতে ধাক্কা দেওয়ার চেষ্টা করে অজ্ঞাত হামলাকারীরা। পরে গাড়ির চালক গাড়ি থেকে নামলে তাকে ধরে এলোপারাড়ি মারধর করা হয়। এছাড়া অভিনেত্রী শামিতার উদ্দেশ্যে হামলাকারীরা অশ্লীল মন্তব্যও করে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: মালিঙ্গা স্ত্রীর পোস্টে ক্ষুব্ধ পেরেরা
গাড়িতে হামলার ঘটনায় শামিতা শেট্টি রাবোডি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে শমিতার গাড়ির চালক ওই বাইক আরোহীর গাড়ির নম্বর জানিয়েছেন স্থানীয় পুলিশকে। তবে ঠিক কি কারণে এই অভিনেত্রীর গাড়িতে হামলা ও তাকে হেনস্থা করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। শামিতার অভিযোগ পেয়ে তদন্ত করছে রাবোডি থানা পুলিশ।
ইত্তেফাক/জেডএইচডি