সম্ভাবনাময় ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটেই সুযোগ দিয়েছেন নির্বাচকরা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবে তিনে খেলানো হয়েছে এ বাঁহাতি ব্যাটসম্যানকে। যদিও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। সাকিব আল হাসানকে পুনরায় তিনে ফেরানোর সিদ্ধান্ত চূড়ান্ত হতেই শান্ত ছিটকে পড়লেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন শান্ত।
গতকাল সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নিউজিল্যান্ড সফরে না যাওয়া সাকিব ফিরেছেন ওয়ানডে দলে। গতকাল বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ চলাকালীন ঘোষিত দলের স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে চার ক্রিকেটারকে। তারা হলেন, নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম। স্ট্যান্ড বাই হলেও তারা দলের সঙ্গেই থাকবেন।
ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক হতে সময় লাগছে শান্তর। শ্রীলঙ্কায় টেস্টে ১৬৩ রানের ইনিংস খেলা এ তরুণ ধীরে ধীরে নির্বাচকদের সীমিত ওভারের ফরম্যাটের চিন্তা থেকে বাদ পড়ছেন। সেই ইঙ্গিত সর্বশেষ সিরিজেও ছিল। হোমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে ৩৮ রান করেছিলেন শান্ত। পরে নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে সুযোগ পাননি, খেলেছেন শুধু একটি টি-২০। এবার হোম সিরিজের ওয়ানডে দলেই জায়গা হলো না তার।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য গতকাল জানিয়েছেন, একটা বিরতি দেওয়া হয়েছে শান্তকে। তিনি বলেছেন, ‘শান্ত আমাদের পরিকল্পনার বাইরে চলে যায়নি। আমরা ওকে একটা ব্রেক দিচ্ছি। ফ্রেশ হয়ে ফিরে আসুক।’
শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে ছিলেন ২৩ ক্রিকেটার। চূড়ান্ত দলে জায়গা পাননি ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, হাসান মাহমুদ, শহীদুল ইসলাম, শান্ত, নাঈম শেখ ও নাসুম। ইনজুরিতে পড়ে রুবেল, হাসান মাহমুদ আগেই ছিটকে গিয়েছিলেন।
প্রস্তুতির ঘাটতি থাকলেও সাকিবের উপস্থিতি দলে ভারসাম্য এনে দিয়েছে। দলে একমাত্র বাঁহাতি স্পিনারও তিনি। নাসুমকে ওয়ানডেতে এখনই বিবেচনা করছেন না নির্বাচকরা। প্রাথমিক দলে ডাকলেও অভিজ্ঞ ইমরুল কায়েসকে নিয়ে বড় পরিকল্পনা ছিল না নির্বাচকদের। তাই চূড়ান্ত দলে ঠাঁই হয়নি বাঁহাতি এ ওপেনারের।
শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে ভালো কিছুই আশা করছেন প্রধান নির্বাচক। গতকাল নান্নু বলেছেন, ‘আমাদের হোমে খেলা। আমরা আত্মবিশ্বাসী দলটা ভালো করবে। শেষ হোম সিরিজটাও আমরা জিতেছিলাম। আশা করি, এবারও ভালো কিছু হবে।’
দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।