নেইমারের অনুপস্থিতিতেই ফরাসি কাপের শিরোপা জিতল পিএসজি। বুধবার রাতে ফ্রেঞ্চ কাপের ফাইনালে মোনাকোকে ২-০ গোলে হারিয়ে ১৪তম ট্রফি ঘরে তোলে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ফাইনালে দুর্দান্ত খেলেছেন ক্লাবটির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। নিষেধাজ্ঞায় মাঠে নামতে না পারা নেইমারের অনুপস্থিতি বুঝতেই দেননি তিনি। গোল করেন একটি, অন্য গোলটিও করান তিনি। ফলে চার মাসেই পিএসজি কোচ হিসেবে দ্বিতীয় শিরোপা পেয়ে গেলেন মরিসিও পচেত্তিনো। প্যারিসের স্তাদে দে ফ্রান্সে ১৯ মিনিটে মোনাকো ডিফেন্ডার অ্যাক্সেল দিসাসির ভুলে বল পেয়ে গোলকিপার একা পেয়ে যান এমবাপ্পে। গোলরক্ষক এগিয়ে এসে জায়গা ছোট করে ফেললে এমবাপ্পে ডান পাশে ফাঁকায় এগিয়ে আসা ইকার্দিকে পাস দেন। আর্জেন্টাইন স্ট্রাইকার গোল করতে ভুল করেননি। ৮১ মিনিটে নিজেই গোল করেন এমবাপ্পে। অ্যানহেল দি মারিয়ার থ্রু ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এমবাপ্পে।