আরো তিন ক্লাবের সঙ্গে বৈঠক করল বাফুফে। এবারও ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং সাইফ স্পোর্টিংয়ের কোচ এবং ম্যানেজারদের সঙ্গে বৈঠক করেছেন বাফুফে সভাপতি। জেমি কীভাবে জাতীয় দলটাকে চালাচ্ছেন তা নিয়ে ফুটবল অঙ্গনে সমালোচনা আছে। বাফুফে চাইছে এসব বিষয়ে ক্লাবগুলোর কথা জানতে, মতামত জানতে।
প্রথম দফায় আবাহনী, শেখ রাসেল এবং বসুন্ধরার সঙ্গে বৈঠক হয়েছিল। গতকাল আরো তিন ক্লাবের সঙ্গে বৈঠক হয়। সেখানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক জেমির পক্ষে সাফাই গাইলেন। একবারও বললেন না নেপালে ফাইনালে কেন একাদশের পাঁচ ফুটবলার বসিয়ে রাখলেন জেমি।
মানিক পরিষ্কার করে বলেছেন, জাতীয় দলের কোচের বিষয়ে কারো কথা বলার নেই। গতকাল বাফুফে ভবনে তিন ক্লাবের সঙ্গে আলোচনা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কোচ মানিক। তিনি বলেন, ‘এটা বাংলাদেশ টিম। আমার খেলোয়াড় চান্স পেল কি পেল না সেটা ব্যাপার না। কোচের চোখে যাকে ভালো লেগেছে তাকে নিয়েছে। কারোই কমপ্লেইন থাকা উচিত না। কোচ যেটা বেটার মনে করেছে সেটা করেছে। কারো হস্তক্ষেপ কাম্য না। আমরাও সাজেশন দিব না। যেহেতু সে প্রফেশনাল কোচ সে আমাদের চেয়ে ভালো জানে।’ কোচের যদি ভুল হয়? মানিক বলেন, ‘ভুল হলে আমরা শোধরানোর দায়িত্ব নেব না। এটার দায়িত্ব আমরা নিতে পারি না।’
মানিকের কথার মধ্যে ঢুকে পড়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বললেন, ‘এখানে জাতীয় দল নিয়ে আলোচনা হয়নি। দেশের ফুটবলের সামগ্রিক আলোচনা হয়েছে। লিগ নিয়ে কথা হয়েছে। নিচের যেসব খেলা রয়েছে সেগুলো নিয়ে কথা হয়েছে। সাইফের স্টুয়ার্ট কিছু পরামর্শ দিয়ে বলেছেন, রোমানিয়ান লিগ কীভাবে উন্নতি করছে।
মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব, গোলকিপার কোচ নিজাম, সাইফ স্পোর্টিংয়ের কোচ স্টুয়ার্ট জন হল, ম্যানেজার ওবায়দুর রহমান, শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল।