চান্দিনায় বলাত্কারের ঘটনায় মাদ্রাসাশিক্ষক আটক

চান্দিনায় মাদ্রাসাছাত্রকে বলাত্কার করার অভিযোগে সাইদুর রহমান নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

সিরাজুল ইসলাম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সানোখালী গ্রামের নূরুল আমিনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা রজ্জব আলী বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, চান্দিনার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসার নাজেরা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীকে ভয় দেখিয়ে বলাত্কার করে আসছে। ঐ শিক্ষার্থী বাড়িতে গিয়ে মাদ্রাসায় আসতে রাজি না হওয়ায় সন্দেহ জাগে। পরবর্তীকালে ছেলের মুখে ঐ ঘটনা শুনে থানায় লিখিত অভিযোগ করেন রজ্জব আলী।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঐ মাদ্রাসাশিক্ষককে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেন।