সৈয়দপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সৈয়দপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে সৈয়দপুর-দিনাজপুর সড়কের শ্বাসকান্দর মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। হাসপাতালে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. অসীম রায় জানান, কয়েক জন মানুষ ভ্যানে করে লাশটি হাসপাতালে নিয়ে আসে। সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম জানান, তার শরীরে, হাঁটুর পেছনে ও এক হাতের কবজিতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যেখানে খুনের ঘটনাটি ঘটেছে সেটি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার। ফলে প্রাথমিক তদন্ত ও মরদেহের পরিচয় শনাক্তে সৈয়দপুর থানা পুলিশ কাজ করছে। অপরদিকে মামলা ও তদন্তের কাজ পরিচালনা করবে পার্বতীপুর থানা পুলিশ।